ঢাবি শিক্ষার্থীকে চোর অপবাদ দিয়ে মারধর, গ্রেপ্তার ৩

- প্রকাশের সময় : ০৮:৪৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 96

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও যৌন হয়রানির প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী।
সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেটের চাঁদনীচক মার্কেটের ‘জেসমিন ফেব্রিকস’ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। তাদের দুজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে সেবা দেওয়া হয়েছে।
এই ঘটনা বিস্তারিত জানতে চাইলে ভুক্তভোগী শাহেদ বলেন, আমাদের এক বান্ধবী কেনাকাটা করতে যেয়ে না কিনে ফিরে আসায় তাকে দোকানদার কয়েকজন বাজে ভাষায় অপমান করে। তখন আমরা সেখানে এটির প্রতিবাদ করতে গেলে আমাদের প্রায় ৪০ থেকে ৫০ জনের মতো একসঙ্গে মারপিট করে। মারপিটের পর আমাকে আবার আলাদা রুমে নিয়ে যেয়ে অত্যাচার করে।
এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়েছে নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে।
শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে এবং ঘটনাস্থলে জড়ো হয়ে দোকানটি ভেঙে দেয়। এই ঘটনায় আক্রমণকারী দোকানদারকে ধরে পুলিশে দেয় শিক্ষার্থীরা।
নিউমার্কেট জোন পুলিশের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ বলেন, শিক্ষার্থীরা একজনকে আমাদের হাতে তুলে দিয়েছে। আমাদের নিউমার্কেট থানা পুলিশ আরও দুইজনকে আটক করেছে।
ঘটনাস্থলে সম্পূর্ণ সিসি টিভি ক্যামেরা রয়েছে। ভিডিও বিশ্লেষণ করে দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
























