দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর
- প্রকাশের সময় : ০৯:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 7
দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এর সর্বোচ্চ প্রকোপের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী ১২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ ঘোষণা করেছেন।
প্রতিমন্ত্রী জানান, ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা এবং প্রতিরোধ ও চিকিৎসায় সমন্বিত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী গত মঙ্গলবার স্থানীয় সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন।
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়টা ডেঙ্গু সংক্রমণের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, এখনই প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আগামী তিন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণ হতে পারে।
আগামী ১২ সেপ্টেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সিটি করপোরেশনগুলোর সাথে সমন্বয় করে রেড ক্রিসেন্ট, স্কাউটস, রোভার স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের স্বেচ্ছাসেবক দল এবং বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এ অভিযানে অংশ নেবে।
একই সময়ে দেশের অন্য ১১টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৬৪টি জেলা প্রশাসন এবং ৫০৩টি উপজেলা প্রশাসনেও অনুরূপ কর্মসূচি পালন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম জানান, দেশব্যাপী প্রতি শনিবার এ বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সিটি করপোরেশন ও পৌরসভাগুলো প্রতিদিন তাদের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাবে।
প্রতিমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪৫ হাজার ৪৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে প্রায় তিন হাজার ২০০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তিনি বলেন, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক।
তিনি বলেন, ‘খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুর সংক্রমণ বেশি। এসব এলাকায় এডিস মশার প্রজননস্থলও রয়েছে অনেক।’
পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এবং নিজেদের বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখতে জনগণকে উৎসাহিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
একইসাথে বাড়ির আশপাশে জমে থাকা পানি, আবর্জনা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, যেসব জেলা ও উপজেলায় পরিস্থিতি বেশি উদ্বেগজনক, সেখানে অতিরিক্ত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা পাঁচটি করে শয্যা সংরক্ষিত রাখা হবে।
সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে ডেঙ্গু পরীক্ষার কিট ও স্যালাইন মজুত রয়েছে বলেও জানান তিনি।
ডেঙ্গু আক্রান্তদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে এবং তাদের মাধ্যমে অন্যদের মাঝে যেন ভাইরাস ছড়িয়ে না পড়ে, সেজন্য হাসপাতালেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে দেশজুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে সরকারের এই অভিযানে সংসদ সদস্যসহ সব শ্রেণির মানুষকে সহযোগিতার আহ্বান জানান মীর শাহে আলম। বাসস



















