এনবিআরের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ
- প্রকাশের সময় : ০১:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 5
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। রাষ্ট্রপতির কাছে করা আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০২৫ সালে এনবিআর সংস্কার নিয়ে ওই আন্দোলন একপর্যায়ে তীব্র আকার ধারণ করলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমেও বড় ধরনের বাধা সৃষ্টি হয়। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হয়।
আন্দোলনে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ৩৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় আইআরডি। তাদের মধ্যে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এর আগে আন্দোলনে জড়িত ২৪ কর্মকর্তার শাস্তি মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের মধ্যে আয়কর ক্যাডারের ১৪ জন এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্যাডারের ১০ কর্মকর্তা দণ্ড মওকুফ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন।
দণ্ড মওকুফ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল, অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুমিতা, যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার মামুনা খাতুন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান এবং মো. জিল্লুর রহমানসহ মোট ২০ কর্মকর্তা।
রাষ্ট্রপতির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দেওয়া দণ্ড মওকুফের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।



















