কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১০:১৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 146
ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহরের নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিব। দুপুরের পর থেকে নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম থেকে নারী-পুরুষ নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। অনুষ্ঠান শুরুর আগেই সমাবেশস্থল ও আশপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। বিশেষ করে নারী কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সব মিলিয়ে নির্বাচনের চার দিন আগে দলটি তাদের সাংগঠনিক শক্তির জানান দেয়।
সমাবেশে মাওলানা আবু তালিব বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ লুটপাট ও সহিংসতার রাজনীতি প্রত্যক্ষ করেছে। এবার তারা ইনসাফভিত্তিক ন্যায় প্রতিষ্ঠার রাষ্ট্র গড়তে চায়। তিনি বলেন, নির্বাচিত হলে অপশাসন ও অনিয়ম থাকবে না এবং শফিকুর রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে। কালীগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কৃষকদের প্রণোদনা ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ সৃষ্টি, নদী-খাল খনন, মাদকমুক্ত সমাজ গঠন এবং মোবারকগঞ্জ চিনিকলকে উৎপাদনশীল ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও বলেন।
জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নেতা বাবু পিকুল মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে মানুষ প্রতিশ্রুতি ভঙ্গের রাজনীতি দেখেছে। এলাকার উন্নয়নের জন্য সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবু তালিবকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সূরা সদস্য ও ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল, মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, সাবেক আমির মাওলানা ওয়ালিউর রহমান, সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান, ঝিনাইদহ শহর শাখার আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক লুৎফর রহমান ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ঈশা খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিশাল র্যালি কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে।

























