আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি কার্যালয়ে হামলা

- প্রকাশের সময় : ১২:৫৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 13

রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সোমবার (২৬ অক্টোবর) রাতে এ হামলা চালানো হয় বলে দাবি করেছেন ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা।
বিডিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুব ইউনিয়নের দুজন আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। তবে হামলা ও আহত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
পুরানা পল্টনের মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় সিপিবির কার্যালয়। একই ভবনের অষ্টম তলায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয় রয়েছে।
সোমবার রাত ৯টার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দেওয়ার পর পল্টনে ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। ওই মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সিপিবির কার্যালয়ের সামনে গড়ায় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
রাত সাড়ে ১০টার দিকে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহীর শাহরিয়ার অভিযোগ করেন, তাঁদের কার্যালয়ে হামলা হয়েছে। হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী বলে দাবি করেন তিনি। পল্টন থানা বিএনপি বা এর সহযোগী সংগঠনের লোকজনও এতে জড়িত থাকতে পারেন বলে তাঁর ধারণা।
হামলার কারণ সম্পর্কে মাহীর শাহরিয়ার বলেন, তাঁদের আওয়ামী লীগ হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এ সময় তিনি জানান, তাঁরা কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন এবং তাঁদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বন্ধু ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও রয়েছেন।
রাত ১১টা ১০ মিনিটে সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফী গণমাধ্যমকে বলেন, হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। একটি দলীয় কার্যালয়ে লোকজন এসে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তিনি।
তবে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম হামলা ও আহত হওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সোমবার দুপুরে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হলে নেতাকর্মীরা গলায় ফুলের মালা পরিয়ে সিপিবির কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন।
ওসি আরও বলেন, ঘটনাকে কেন্দ্র করে সিপিবি কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে। তবে সেখানে কোনো হামলা বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এর আগে সুনামগঞ্জে নারী বাউল শিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারের সামনে মানববন্ধনের ডাক দেন সংস্কৃতিকর্মীরা। সেখানে জড়ো হলে পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে পারেননি তাঁরা। ওই স্থান থেকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করে পুলিশ। পরে রাত ৯টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।


















