দলীয় কোনো সিন্ডিকেট চলবে না, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ বরদাশত করা হবে না: আইনমন্ত্রী
- প্রকাশের সময় : ১২:১৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 7
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলীয় পরিচয়ে কেউ এমন কোনো সুবিধা পাবে না, যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। তিনি বলেন, দলীয় কোনো সিন্ডিকেট বা অনিয়ম বরদাশত করা হবে না এবং জনগণের সেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে।
শুক্রবার (১০ জুলাই) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয় আমাদের নেতাকর্মীরা কিছু সুযোগ-সুবিধা পাবেন। তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যা সরকারের বদনাম ডেকে আনে। একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে সেটি তার ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু তার কারণে সরকারের ওপর যে কালিমা লিপ্ত হবে, সেই দায় সরকার নেবে না।”
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালসহ সব সেবামূলক প্রতিষ্ঠানে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।



















