সারা দেশে ভোটের দিনে ৬ জনের মৃত্যু
- প্রকাশের সময় : ০৯:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 77
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়ে শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলাকালে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে অসুস্থজনিত, অপরজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী দনিয়ায় ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতর অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামে এক ভোটার মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দনিয়া অগ্রদূত বিদ্যানিকেতন হাই স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন
ভোটকেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পোলিং অফিসার
অচেতন অবস্থায় আবু সাঈদ সরকারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর তাকে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আবু সাঈদের ছেলে ফারহান ইশরাক জানান, তার বাবার হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার বাবাকে আজ সকালে ভোটকেন্দ্রে না যেতে মা অনুরোধ করেছিলেন। তবে পছন্দের প্রতীকে ভোট দিতে মাকে নিয়ে তার বাবা কেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু ভোট দেওয়া হয়নি।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) শতরূপা কুণ্ড জানান, আবু সাঈদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক ভোটারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনু মিয়া (৬২)। তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
মৃত মনু মিয়ার বড় ছেলে শাকিল বলেন, সকালে ভোট দিতে বাবা কাজীর দেউরি বালক স্কুলে যান। তিনি ভোট দেওয়ার জন্য ভোটারের লাইনেও দাঁড়ান। কিন্তু ভোট কক্ষে প্রবেশের আগে তিনি দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান। তাকে দ্রুত বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা বলেছেন হৃদরোগে বাবার মৃত্যু হয়েছে।
খুলনা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরে জামায়াতের কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার মধ্যে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিএনপির দাবি, এক জামায়াত নেতা ধাক্কা দেওয়ায় গাছের সঙ্গে লেগে আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। তবে জামায়াত নেতারা বলছেন, উত্তেজনার মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।
মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরীর হাজী মহসিন রোড বাইলেন এলাকায় তার বাড়ি।
এ বিষয়ে সদর থানা এসআই খান ফয়সাল রাফি বলেন, সকালে আলিয়া মাদ্রাসার কেন্দ্রের অদূরে সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হলে আমরা ঘটনাস্থলে যায়। এরপর দুই পক্ষকে সরিয়ে দেই। তখন একজনকে অটোরিকশায় করে বাইরে নিয়ে যেতে দেখা যায়। এখানে ধাক্কাধাক্কি বা হাতাহাতির কোনো ঘটনা ঘটেনি।
মানিকগঞ্জ
মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
মৃত বাবু মিয়া ওই এলাকার হামেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন বাবু মিয়া। তিনি যথাযথভাবে ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভোট দেওয়ার আগেই হঠাৎ তিনি অসুস্থতা অনুভব করেন এবং এক পর্যায়ে সেখানেই লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে সহায়তার চেষ্টা করলেও ঘটনাস্থলেই স্ট্রোক করে তিনি মারা গেছেন।
এ বিষয়ে মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, এতদিন পর এই নির্বাচন অনেকটা ঈদের আনন্দ বিরাজ করছে। কিন্তু তার এই মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পোলিং অফিসার মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো. মুজাহিদুল ইসলাম (৪৮) সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের মৃত গোলাম মওলার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে সরাইল উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল ইসলাম। ভোটগ্রহণ চলাকালে একপর্যায়ে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে মনে হচ্ছে।
গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভোট দিয়ে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া বাশেদ আলীর বাড়ি মধ্য ওসমানেরপাড়ায়। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, বাশেদ আলী ভোট দিয়ে বাইরে বের হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল কবির বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। এটি স্বাভাবিক মৃত্যু বলে জানা গেছে।























