ফজরের নামাজ শেষেই ভোট দিতে কেন্দ্রে ভোটাররা, নিরাপত্তার কড়াকড়ি
- প্রকাশের সময় : ০৭:১৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 125
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট সকাল সাড়ে ৭টা থেকে শুরু হলেও ফজরের নামাজ শেষ করেই অনেক ভোটার কেন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছেন।
যদিও নির্দিষ্ট সময়ের আগে ভোটাররা কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না। তবে পোলিং এজেন্টদের প্রবেশে কাগজপত্র যাচাইসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি কেন্দ্রের সামনে প্রার্থীদের অস্থায়ী বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করা হচ্ছে।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। রাজধানীসহ দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। ভোর থেকেই ভোটকেন্দ্রের সামনে ভিড় দেখা যায় এবং অনেক কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। একই সঙ্গে পোলিং এজেন্টরা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাগজপত্র যাচাই করে তাদের প্রবেশের অনুমতি দিচ্ছেন।
কেন্দ্রের সামনে বিভিন্ন প্রার্থীর পক্ষে অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথ থেকে ভোটারদের ভোটার নম্বরসহ স্লিপ সরবরাহ করা হচ্ছে, যা কেন্দ্রে প্রবেশে সহায়তা করছে।
ভোটকেন্দ্রের ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ফজরের নামাজ শেষে বেশ কয়েকজন ভোটার কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ভোটার মোহাম্মদ ফারুক বলেন, দীর্ঘদিন পর ভালো পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় তিনি আগেভাগেই কেন্দ্রে এসেছেন এবং ভোট শুরুর আগে সময় কাটাচ্ছেন। তোফাজ্জল হোসেন নামে আরেক ভোটার জানান, সকালেই পরিস্থিতি পর্যবেক্ষণ ও ঝামেলা এড়াতে তিনি শুরুতেই ভোট দিতে এসেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সারাদেশে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনি কার্যক্রম চলায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





















