পাংশায় উৎসবমুখর পরিবেশে ভোটের সরঞ্জাম হস্তান্তর
- প্রকাশের সময় : ০১:৩৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 197
রাজবাড়ী-২ আসনের অন্তর্ভুক্ত পাংশা উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটের সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রিফাতুল হকের তত্ত্বাবধানে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে এ কার্যক্রম চলছে।
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা উপজেলার ৭৭টি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে।
মো. রিফাতুল হক জানান, উপজেলার সব ভোটকেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ছয়জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ নয় বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

























