জাল ভোটের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ইউএনও রিফাতুল হক
- প্রকাশের সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 152
রাজবাড়ীর পাংশায় ফেব্রুয়ারি ২০২৬ মাসের উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম (জাহাঙ্গীর), পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম ওয়াহিদুজ্জামান, পাংশা সরকারি কলেজ অধ্যক্ষের পক্ষে মনোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে. আজাদ ও পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক মো. এম. এ. জিন্নাহ প্রমুখ।
সভায় ইউএনও মো. রিফাতুল হক বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নির্বাচনী সরঞ্জাম পরিবহনে নির্বিঘ্ন চলাচলের জন্য সোমবার থেকেই বাজার এলাকার সব ফুটপাত উচ্ছেদ করা হবে। সভায় সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদও বক্তব্য দেন।
সভায় গত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।

























