আল্লাহ ছাড়া আমার এমপি হওয়া কেউ ঠেকাতে পারবে না : পার্থ
- প্রকাশের সময় : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / 94
বাংলাদেশ জাতীয় পার্টি–বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আল্লাহ যদি আমার কিসমতে সংসদ সদস্য (এমপি) পদ রাখেন, তাহলে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।
শনিবার দুপুরে ভোলার নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
ব্যারিস্টার পার্থ বলেন, ভোলা-১ আসনে যারা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, তাদের সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার সুযোগ দিতে হবে।
‘ভোলায় কোনো মারামারি, হানাহানি বা বিশৃঙ্খলা চাই না। আমরা আইন নিজের হাতে তুলে নেব না বা কারও ওপর অন্যায় করব না। আমি আমার প্রতিটি নেতাকর্মীকে অনুরোধ করছি—কেউ আইন হাতে তুলে নেবেন না, বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আসুন, সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক ভোলা গড়ে তুলি। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। ভোলায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার তাকে ভোলা সদর আসনের মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব দিয়েছে। আমাদের দায়িত্ব এখন অতীতের সব বিভেদ ভুলে সবাইকে নিয়ে কাজ করা।
ভোলার বিএনপির সভাপতি আলহাজ গোলাম নবী আলমগীরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যারিস্টার পার্থ বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর ভোলায় দলকে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন-সংগ্রামে বড় ভূমিকা রেখেছেন। আমাদের সবার দায়িত্ব সবাইকে সম্মান দিয়ে একসঙ্গে কাজ করা।
তিনি বলেন, বিএনপি ও বিজেপি ভাই ভাই—ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। যদি ভোলার মানুষ আমাকে এমপি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি নিশ্চিত করতে চাই—ভোলার মানুষ শান্তিতে ঘুমাতে পারবে।





















