জাপানে ৬.২ মাত্রাসহ একাধিক শক্তিশালী ভূমিকম্প অনুভূত

- প্রকাশের সময় : ১২:১৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 212

জাপানের পূর্বাঞ্চলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পসহ একাধিক ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার ৬ জানুয়ারি সকালে পূর্ব জাপানের সীমানে এবং পার্শ্ববর্তী তোত্তোরি জেলাতে এসব ভূমিকম্পের উৎপত্তি হয়।
স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে প্রথমে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণ পর একই এলাকায় ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এরপর কয়েক দফা ছোট আকারের আফটার শক অনুভূত হয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, একাধিক ভূমিকম্প হলেও সুনামির কোনো আশঙ্কা নেই। তবে আগামী কয়েকদিন ৫ মাত্রার ওপরে আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিশেষ করে সামনের দুই থেকে তিনদিন ঝুঁকি তুলনামূলক বেশি থাকবে বলে জানানো হয়েছে।
এদিকে যেসব এলাকায় কম্পনের মাত্রা বেশি ছিল, সেসব অঞ্চলে ভূমিধস ও পাহাড় থেকে পাথর খসে পড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুটি আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, তাদের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় অস্বাভাবিক কোনো সমস্যা দেখা যায়নি। তবে ভূমিকম্পের প্রভাবে বুলেট ট্রেন চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে। বিভিন্ন ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ভূমিকম্পের তীব্র কম্পনের দৃশ্য ধরা পড়েছে।
সূত্র জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনগণকে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
























