১ দিনের জন্য আন্দোলন স্থগিত করলেন সচিবালয়ের কর্মচারীরা
- প্রকাশের সময় : ০৫:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 107
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে চলমান আন্দোলন আগামীকাল বুধবার এক দিনের জন্য স্থগিত করেছেন সচিবালয়ের কর্মচারীরা। মন্ত্রিপরিষদ সচিবের কাছে তাদের দাবিদাওয়া উপস্থাপনের প্রতিশ্রুতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরের পর সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত সচিব। বৈঠক শেষে ভূমি সচিব সাংবাদিকদের জানান, মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশে তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন এবং আগামীকাল সকাল ১০টায় তাদের দাবি তুলে ধরবেন। এ অবস্থায় আন্দোলনকারীরা বুধবার কোনো কর্মসূচি পালন করবেন না।
আন্দোলনকারী কর্মচারীদের পক্ষ থেকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মুহা. নুরুল ইসলাম জানান, আলোচনার অগ্রগতির সুযোগ দিতে তারা এক দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাদিউল কবির ও নজরুল ইসলাম।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন হয়। এরপর রবিবার সরকার এ অধ্যাদেশ জারি করে। এর প্রতিবাদে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা কর্মবিরতি, বিক্ষোভ ও সমাবেশ করে আসছিলেন।
এই আন্দোলনের প্রেক্ষিতে সচিবালয়জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের প্রধান ফটকে মোতায়েন করা হয় সোয়াট সদস্য। পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও মোতায়েন করা হয়। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তা বলয়ের মধ্যেই কর্মচারীরা ভেতরে বিক্ষোভ চালিয়ে যান।
আন্দোলনকারীরা জানান, সরকারি চাকরিতে বরখাস্তের বিধান সংশোধন করে জারিকৃত অধ্যাদেশটি তারা বৈষম্যমূলক মনে করছেন। অবিলম্বে এটি বাতিলের দাবি জানিয়েছেন তারা। তবে আলোচনার পথ খোলা রাখতেই আন্দোলন আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান নেতারা।






















