অবশেষে আন্দোলন স্থগিত করলেন এনবিআর কর্মকর্তারা
- প্রকাশের সময় : ০৭:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 87
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথকীকরণের লক্ষ্যে জারি করা অধ্যাদেশে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। সংশোধন না হওয়া পর্যন্ত অধ্যাদেশটি স্থগিত থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এদিকে সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।
রোববার সন্ধ্যায় অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকার এনবিআর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি ও উদ্বেগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত কাঠামো নির্ধারণ করবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫” নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে ২২ মে অর্থ মন্ত্রণালয় এক প্রেসনোট জারি করেছিল। তাতে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হলেও কিছু অস্পষ্টতা রয়ে গেছে বলে দেখা যাচ্ছে। তাই অধিকতর স্পষ্টীকরণের উদ্দেশ্যে নতুন করে ব্যাখ্যা প্রদান করা হয়েছে।
স্পষ্টীকরণে যা বলা হয়েছে:
জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে।
বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ও বিসিএস (কর) ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ণ রেখে এনবিআর শক্তিশালীকরণ এবং রাজস্ব নীতি পৃথকীকরণের কাঠামো চূড়ান্ত করা হবে সংশ্লিষ্ট অংশীজন, রাজস্ব সংস্কার পরামর্শক কমিটি এবং এনবিআরের সঙ্গে আলোচনার মাধ্যমে।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধন করে কার্যকর করা হবে। সংশোধনের আগ পর্যন্ত এটি কার্যকর হবে না।
অর্থ মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, এই ঘোষণার মাধ্যমে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সব উদ্বেগ দূর হবে, এবং তারা পূর্ণ উদ্যমে কাজ শুরু করবেন।
সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করেছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। সংগঠনটির এক শীর্ষ কর্মকর্তা জানান, “অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তারা আমাদের অধিকাংশ দাবিতে একমত হয়েছেন। তাই আপাতত আন্দোলন স্থগিত করছি। বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।”
এর আগে, এনবিআর কর্মকর্তারা সোমবার থেকে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।






















