সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেফতার ২
- প্রকাশের সময় : ০২:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 4
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন রুলি (৫৫) নিহত হওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাতে মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় পনির ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
র্যাব জানিয়েছে, রোববার বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
নিহত রনজিনা পারভীন রুলি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। চোখের চিকিৎসার জন্য স্বামী আব্দুল মতিনের সঙ্গে ঢাকায় আসার পথে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।
নিহতের স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার রাতে বগুড়া থেকে স্বামীর সঙ্গে ঢাকায় আসেন রনজিনা। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশাযোগে তারা ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন।
পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা রিকশার পেছন থেকে রনজিনার ব্যাগ ধরে হেঁচকা টান দেয়। এতে তিনি রিকশা থেকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে র্যাব।



















