ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৪:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 29
ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মে) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মাসিক সরগম পত্রিকা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা কাজী রওনাক হোসেন, সহসভাপতি শাহীন হাসনাত, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর, দপ্তর সম্পাদক শামীম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান হিমেল, সাংস্কৃতিক সম্পাদক চন্দন সান্যাল।
এছাড়াও উপস্থিত ছিলেন, আগামীর সময়’র পান্থ আফজাল, নয়া দিগন্তের দ্বীন মোহাম্মদ দুঃখু, বিজনেস মিরর’র শরীফ উদ্দিন আহমেদ, ডেইলি স্টারের আতিয়ার রহমান, আমাদের সময়ের ফকির জহিরুল, বিজনেস স্ট্যান্ডার্ডের মো. আকরাম, আমার সংবাদের শাহিনুর রহমান, ডিজিবাংলাটেক.নিউজের এস এম ইমদাদুল হক, আরটিভির রাজীব সরদারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সংগঠনের উদ্যোগে রাজবাড়ীর গুণীজনদের সম্মাননা এবং কল্যাণ তহবিল গঠনের বিষয়ে সদস্যরা মতামত তুলে ধরেন।পাশাপাশি শিগগির এজিএম বৈঠকের তাগাদা দেওয়া হয়।
বক্তারা বলেন, জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি রাজবাড়ীর কৃতি ব্যক্তিদের সম্মাননার মাধ্যমে জেলার ইতিহাস, ঐতিহ্য ও কৃতিত্ব নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।






















