বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার সন্দেহভাজন হোটেল কর্মী মিলন আটক
- প্রকাশের সময় : ১২:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 190
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার সকালে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় খুন হওয়া স্কুলছাত্রীর চাঞ্চল্যকর হত্যা মামলার সন্দিগ্ধ আসামি মিলনকে বাগেরহাট সদর থানা এলাকায় র্যাব-৩ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে আটক করা হয়েছে।
গত ১০ জানুয়ারি দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’য় নিজ বাসায় ফাতেমা আক্তার লিলিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। সে রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং পরিবারের সঙ্গে ওই বাসায় থাকত।
নিহতের বড় বোন শোভা জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে তিনি জিমে যান। পরে বাসায় ফিরে ছোট বোনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রথমে মাথায় আঘাত লেগেছে মনে হলেও পরে হিজাব সরিয়ে দেখেন গলায় রশি প্যাঁচানো এবং ধারালো অস্ত্র দিয়ে কাটা চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।




















