ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
- প্রকাশের সময় : ১১:৩০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 220
ঢাকায় শীতের প্রভাব আরও জোরালো হয়ে উঠেছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা বাতাস, ফলে রাজধানী ও আশপাশের এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। কুয়াশার কারণে সড়ক যোগাযোগ ও অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দৃশ্যমানতা কমে যাওয়ায় শীতের অনুভূতিও আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।




















