৩০০ ফিটসহ পূর্বাচল সড়কের আবর্জনা অপসারণ করছে সিটি করপোরেশন
- প্রকাশের সময় : ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 230
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলে দেওয়া বিশাল গণসংবর্ধনার পর সৃষ্ট আবর্জনা অপসারণে নেমেছে সিটি করপোরেশন।
শুক্রবার সকাল থেকে পূর্বাচল ৩০০ ফিট সড়ক, ১০০ ফিট সড়ক, কুড়িল ও বিমানবন্দর সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে বা ৩০০ ফিট মহাসড়কসহ আশপাশের এলাকায় কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। সন্ধ্যায় কর্মী-সমর্থকরা চলে যাওয়ার পর সড়ক ও ফুটপাতজুড়ে খাবারের প্যাকেট, ব্যানার, লিফলেটসহ নানা ধরনের ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার রাতে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে জানানো হয়, শুক্রবার সকাল থেকে পুরো পথের আবর্জনা পরিষ্কার করা হবে। পোস্টে বলা হয়, তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে জনসমাবেশে সৃষ্ট সব বর্জ্য শুক্রবার সকাল থেকে অপসারণ কার্যক্রম শুরু হবে।
আজ সকাল থেকে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরা, গুলশান, বনানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত কর্মী আনা হয়েছে। শুধু ১০০ ফিট সড়কেই অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে কাজ করতে দেখা যায়।
সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুড়িল, বিশ্বরোড ও ১০০ ফিট সড়কে বিএনপি নেতাকর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। এসব এলাকায় সড়কের দুই পাশ, ফুটপাত, সড়ক বিভাজন এবং সংলগ্ন লেক ও রেললাইনে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকতে দেখা গেছে। কুর্মিটোলা ও বিমানবন্দর সড়কেও আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। নিকুঞ্জ-১ এর সামনে পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু দিতে ব্যস্ত ছিলেন।
পরিচ্ছন্নতাকর্মী আলেয়া জানান, প্রতিদিনই সড়ক ও ফুটপাত পরিষ্কার করা হয়, তবে গতকালের বড় আয়োজনের কারণে আজ অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে। তাদের ধারণা, বেলা ১১টার মধ্যেই সড়কগুলো পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হবে।




















