সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডনের জামিন মেলেনি
- প্রকাশের সময় : ০৪:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 28
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
আদালতে ডনের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন। জামিন আবেদনে বলা হয়, এজাহার ও গ্রেপ্তারি পরোয়ানায় ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গত ৯ আগস্ট ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে এ মামলায় পলাতক ছিলেন ডন। তাকে বিমানবন্দর থেকে ভোর ৫টার দিকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে সিআইডির হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিআইডির আবেদনে আরও বলা হয়, ডন জামিনে মুক্ত হলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং তিনি ফের আত্মগোপনে চলে যেতে পারেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় তাকে আটক করা হয়েছিল।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক সালমান শাহ। প্রথমে তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী এ ঘটনায় অপমৃত্যুর মামলা করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই তিনি ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের আবেদন করেন।
পরবর্তীতে সিআইডি তদন্ত করে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন—শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।
























