ঘরে বসে মেট্রোরেলের কার্ডে অনলাইন রিচার্জ চালু
- প্রকাশের সময় : ১২:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 76
রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে র্যাপিড পাস ও এমআরটি পাসে অনলাইনে রিচার্জ সুবিধা চালু হয়েছে। ফলে যাত্রীরা এখন থেকে ঘরে বসে যেকোনো সময় এই দুটি পাসে টাকা রিচার্জ করতে পারবেন।
মঙ্গলবার সকালে আগারগাঁও স্টেশনে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। অনুষ্ঠানে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, মেট্রোরেলের ১৬টি স্টেশনে দুটি করে মেশিন স্থাপন করা হয়েছে। বাসা থেকে রিচার্জ করার পর স্টেশনে এসে মেশিনে ট্যাপ করলেই ব্যালেন্স আপডেট দেখাবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, ডিএমটিসিএল দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। যাত্রীদের স্বচ্ছতা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।
অনলাইনে রিচার্জ করতে ব্যবহারকারীকে rapidpass.com.bd ওয়েবসাইট বা অ্যাপে নিবন্ধন করতে হবে। যেকোনো পেমেন্ট মাধ্যম দিয়ে রিচার্জ করা যাবে এবং মেশিনে ট্যাপ না করা পর্যন্ত রিচার্জ অপেক্ষমাণ অবস্থায় থাকবে। একবারে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা সম্ভব। সফল রিচার্জের পর নিবন্ধিত মোবাইলে এসএমএস আসবে। পেন্ডিং রিচার্জ সম্পন্ন না হলে নতুন রিচার্জ করা যাবে না।
এভিএমে ট্যাপ করার আগে রিচার্জ বাতিলের ক্ষেত্রে সাত দিনের মধ্যে রিফান্ড নেওয়া যাবে, তবে পাঁচ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। কার্ড ব্ল্যাকলিস্টেড হলে রিফান্ডের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের পরিচালক এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান এবং বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।




















