যুবদল নেতা কিবরিয়া হত্যা : সন্ত্রাসী পাতা সোহেল ও সুজন গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৪:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 88
পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী পাতা সোহেল ওরফে মনির হোসেন এবং সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। মঙ্গলবার দিবাগত রাতে সাভার ও টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম জানিয়েছেন, বুধবার বিকেল ৩টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গত সোমবার সন্ধ্যায় মিরপুর ১২-এর বি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে তিন সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে কিবরিয়াকে হত্যা করে। সন্ত্রাসীরা পালানোর সময় অটোরিকশা চালাতে দেরি হওয়ায় চালক আরিফ হোসেনকেও গুলি করে আহত করে। কিবরিয়াকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলেই জনি ভুঁইয়া নামে একজনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
মঙ্গলবার নিহতের স্ত্রী সাবিহা আক্তার দীনা পল্লবী থানায় হত্যা মামলা করেন। মামলায় জনিসহ পাঁচজনকে নামীয় আসামি করা হয়েছে এবং অজ্ঞাত সাত-আটজনকে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটি পল্লবী থানা পুলিশ তদন্ত করছে।






















