পেট্রোল বোমার আগুনে পুড়লো জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ
- প্রকাশের সময় : ১২:৫৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 80
বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ১২টার পর বরগুনার সার্কিট হাউস মাঠের উত্তর-পূর্ব কোণে অবস্থিত স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি হাতে পেট্রোল বোমা নিয়ে স্মৃতিস্তম্ভের সামনে আসে। তাদের একজন বোমায় আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তখন একজনকে বলতে শোনা যায়, ‘দে’, পরে আরেকজন বলে, ‘চল চল’। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার ভিডিওটি বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন যে বরগুনা সার্কিট হাউসের সামনে জুলাই স্তম্ভে আগুন দেওয়া হয়েছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টার দিকে ঘটনাস্থলে যাই। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এছাড়া বরগুনা সদর থানা পুলিশ যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে।”




















