ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
- প্রকাশের সময় : ০৮:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 10
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোল দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একই সঙ্গে বন্দর ও কাস্টমসের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি। তিনি জানান, সরকারি ছুটির কারণে বুধবার বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও কাস্টমস কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে এসব কার্যক্রম যথারীতি শুরু হবে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, বুধবার আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা খালি ভারতীয় ট্রাকগুলো ফিরে যেতে পারবে।
বন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়। চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনে প্রতিদিন দেড় হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন। একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে।




















