চীনে নেওয়ার কথা বলে পাঠানো হয় ভারতে, ৪ বছর পর ফিরলেন দেশে
- প্রকাশের সময় : ১১:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / 9
চীনে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে চার বছর কারাভোগের পর দেশে ফিরেছেন জামালপুরের সিরাজুল ইসলাম (৫৭)। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ সিরাজুল ইসলামকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবির কাছে হস্তান্তর করে।
ফেরত আসা সিরাজুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চারমরিহাট গ্রামের ফরমান আলীর ছেলে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, দালালের প্রলোভনে চীনে পাঠানোর কথা বলে ২০২২ সালের জানুয়ারি মাসে বুড়িমারী সীমান্ত দিয়ে সিরাজুলকে অবৈধভাবে ভারতে নেওয়া হয়। পরে তাকে বিহারে নিয়ে যায় দালাল। সেখানে তাকে ফেলে দালাল পালিয়ে গেলে সিরাজুল মাছ ধরার কাজ শুরু করেন।
ওই বছরের জুলাই মাসে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে আটক করে। পরে আদালতে হাজির করা হলে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেন। এরপর তাকে বিহারের একটি কারাগারে পাঠানো হয়।
সোমবার (১৭ আগস্ট) তার কারাদণ্ডের মেয়াদ শেষ হয়। পরদিন মঙ্গলবার (১৮ আগস্ট) বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তিনি।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সিরাজুল ইসলামকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পরে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামে একটি মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হয়।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত চৌধুরী বলেন, সিরাজুল ইসলামকে যশোরে তাদের শেল্টারহোমে রাখা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।



















