কালুখালীতে বাঁশের সাঁকো ভেঙে ৩ গ্রামের মানুষের দুর্ভোগ, সংস্কারের দাবি
- প্রকাশের সময় : ১২:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 29
রাজবাড়ীর কালুখালী উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন চন্দনা নদীতে কচুরিপানার চাপে বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে আশপাশের প্রায় তিন গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চন্দনা নদীর ওপর থাকা বাঁশের সাঁকোটি দিয়ে প্রতিদিন তিন গ্রামের মানুষ চলাচল করতেন। বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীরাও নিয়মিত এই সাঁকো ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করত। সম্প্রতি কচুরিপানার চাপে সাঁকোটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘নদী পার হতে না পেরে আমাদের অনেক দূর পথ ঘুরে কলেজে যেতে হচ্ছে। এতে সময় যেমন অপচয় হচ্ছে, তেমনি ক্লাসে পৌঁছাতেও দেরি হয়। আমরা দ্রুত এই পথ দিয়ে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা চাই।’
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই সাঁকোটিই ছিল তিন গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সহজ মাধ্যম। স্কুল-কলেজে যাওয়া এবং দৈনন্দিন হাট-বাজারে যাওয়ার ক্ষেত্রে এখন আমাদের অনেক কষ্ট পোহাতে হচ্ছে।’
ভুক্তভোগী এলাকাবাসী জানান, সাঁকোটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও দুর্ভোগে পড়েছেন। দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি এবং শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত রোধে অবিলম্বে বাঁশের সাঁকোটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন তারা।




















