গোপালগঞ্জে হামলার শঙ্কায় নিরাপত্তা চেয়ে এসপির কাছে বিদ্যুৎ অফিসের চিঠি
- প্রকাশের সময় : ০৯:০০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 8
গোপালগঞ্জে তীব্র লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কায় নিজেদের কার্যালয়, উপকেন্দ্র ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
মঙ্গলবার (১১ আগস্ট) ওজোপাডিকো গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে নিয়মিত পুলিশ টহল এবং নিরাপত্তা জোরদারের অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, ওজোপাডিকোর পাওয়ার হাউজ, গোপালগঞ্জ দপ্তর ক্যাম্পাস এবং চরপাথালিয়ায় অবস্থিত দুটি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়া এবং জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় গোপালগঞ্জে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। এতে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যুৎ পরিস্থিতিকে কেন্দ্র করে অসন্তুষ্ট ব্যক্তি বা জনসাধারণের কেউ ওজোপাডিকোর দপ্তর, বৈদ্যুতিক স্থাপনা কিংবা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারেন। এমনকি হামলা, নাশকতা বা অন্য কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে।
এ অবস্থায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে ওজোপাডিকোর গোপালগঞ্জ দপ্তরের সব স্থাপনা এবং ৩৩/১১ কেভি উপকেন্দ্রগুলোকে নিয়মিত পুলিশ টহলের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি রেখে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, দপ্তরসহ সব কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি পাঠানো হয়েছে। চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় শহরে লোডশেডিং হচ্ছে। গোপালগঞ্জে বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট হলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে ৯ থেকে ১০ মেগাওয়াট। ফলে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। এতে গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে অফিস ও উপকেন্দ্রে হামলা করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, তিনি এখনো চিঠিটি হাতে পাননি। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে।


















