মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- প্রকাশের সময় : ১২:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / 18
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
বিজিবি সূত্র জানায়, রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপনে চলে যান।
স্থানীয় সূত্রের দাবি, নিহত তারা মিয়াসহ কয়েকজন যুবক ভারতীয় নাসির পাতার বিড়ি আনতে সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিলেন।
বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।





















