গোয়ালন্দের নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন সাইফুল হুদা
- প্রকাশের সময় : ০২:২৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 25
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সাইফুল হুদা।
সোমবার (৪ আগস্ট) তিনি সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
জানা গেছে, এর আগে সাইফুল হুদা রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি গোয়ালন্দ উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
দায়িত্ব গ্রহণের পর সাইফুল হুদা বলেন, গোয়ালন্দ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা দ্রুত ও সহজভাবে পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে তিনি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
নতুন ইউএনও হিসেবে সাইফুল হুদাকে স্বাগত জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হবে।





















