১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচি ঘিরে সচিবালয়ের সব গেট বন্ধ
- প্রকাশের সময় : ০১:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 11
জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেটগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গেট বন্ধ থাকায় সচিবালয়ে বিভিন্ন কাজে প্রবেশ করতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। প্রয়োজনীয় কাজে প্রবেশের আশায় অনেককে বিভিন্ন গেটের সামনে অপেক্ষা করতে দেখা যায়।
এদিকে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া ১১ দলীয় ঐক্যের মিছিল জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। এ সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
এর আগে একই দাবিতে বৃষ্টির মধ্যেই রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। বেলা ১১টার পর কর্মসূচি শুরু হয়। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করে জামায়াতসহ জোটের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।
অবস্থান কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



















