১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু
- প্রকাশের সময় : ১১:৪৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 7
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু করেছে সরকার। এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী বছরে ছয় মাস—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ থেকে এপ্রিল পর্যন্ত—প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন।
সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং কর্মাভাবের সময়ে নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যেই কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী এ সুবিধার আওতায় রয়েছেন।
দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি কমানো, বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির উন্নয়নের লক্ষ্যেও কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।
এ ছাড়া সারাদেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র (দোকান ও ট্রাক) থেকে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।
মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি কমানো এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিগুলো আরও কার্যকর ও সম্প্রসারণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।



















