সরকারি দপ্তরে এআই ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ
- প্রকাশের সময় : ১১:৪১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / 14
সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
গত ২৮ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে সব সিনিয়র সচিব ও সচিবের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে এআই টুলের ব্যবহার দ্রুত বাড়ছে। এ প্রযুক্তি কাজের গতি, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ালেও অসতর্ক ব্যবহারে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের কাছে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
এ কারণে সরকারি দাপ্তরিক কাজে এআই ব্যবহারের সময় তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে বলা হয়েছে। পাশাপাশি এআই ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি সরকারি তথ্যের নিরাপত্তাও অক্ষুণ্ন থাকে।
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ জোবায়ের আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।




















