এবার মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট
- প্রকাশের সময় : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 6
সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে মোটরসাইকেলকে এআইভিত্তিক নজরদারি ব্যবস্থার আওতায় আনছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ লক্ষ্যে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআরটিএ সূত্রে জানা গেছে, বর্তমানে কিছু মোটরসাইকেলচালক পেছনের নম্বর প্লেটের শেষের কয়েকটি সংখ্যা আংশিক ঢেকে চলাচল করেন, যাতে এআই ক্যামেরায় যানবাহন শনাক্ত করা না যায়। ফলে পেছনে থাকা নম্বর প্লেটের কারণে ট্রাফিক আইন লঙ্ঘনের অনেক ঘটনাই স্বয়ংক্রিয় ক্যামেরায় সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
এ পরিস্থিতি বিবেচনায় মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিএ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক করেছে।
বিআরটিএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এই বিপুলসংখ্যক মোটরসাইকেলও এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থার কার্যকর আওতায় আসবে।




















