হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে সতর্কতা জারি
- প্রকাশের সময় : ১১:২৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 54
উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তদের হামলার আশঙ্কায় পুলিশের ব্যবহৃত যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ লক্ষ্যে দেশের সব পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় বলা হয়, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। তাই ডিউটির সময় কোনো যানবাহন সাময়িকভাবে থামাতে হলে নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং তা পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, ডিউটি শেষে থানা, অফিস কম্পাউন্ড ও পুলিশ লাইন্সে রাখা যানবাহনের নিরাপত্তাও জোরদার করতে হবে। এসব স্থানে নিয়মিত টহল, বাড়তি নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যক্রম দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে বলেন, পুলিশের নিরাপত্তা নিশ্চিত ও সদস্যদের সক্রিয় রাখতে নিয়মিত এ ধরনের নির্দেশনা দেওয়া হয়। এটি তেমনই একটি সতর্কতামূলক বার্তা এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
সম্প্রতি রাজধানীতে একাধিক সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে শক্তিশালী আইইডি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়। পরে বাংলাদেশ ব্যাংকের সামনে এবং সর্বশেষ মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে সন্দেহজনক ব্যাগ ও বস্তা উদ্ধার হলেও সেগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারে দেশব্যাপী এই সতর্কতা জারি করা হয়েছে।





















