একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে
- প্রকাশের সময় : ১১:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 7
টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
গত ২৬ জুলাই কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং গ্রেপ্তার থাকা আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেন।
বর্তমানে বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ। ২০২১ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের পাশাপাশি তার নামও ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী নির্ধারিত তারিখে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
মামলার তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, একরামুল হককে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে মিফতাহ উদ্দিন আহমেদসহ অভিযুক্ত কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।



















