শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নতুন নৌবাহিনী প্রধান
- প্রকাশের সময় : ০১:৪২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 55
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নৌ সদর দপ্তরে পৌঁছালে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসপিআর আরও জানায়, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ও শক্তিশালী ‘ব্লু ওয়াটার নেভি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন নৌবাহিনী প্রধান। এ লক্ষ্যে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, উন্নত সোনার ও রাডারসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সুসংহত করার বিষয়ে তিনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।




















