থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার
- প্রকাশের সময় : ০১:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 68
চিকিৎসাসংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ডের ব্যাংকক থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
স্পিকারের এই প্রত্যাবর্তন এমন সময়ে হলো, যখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে তিনি আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন এবং পরে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
বঙ্গভবন সূত্রের তথ্য অনুযায়ী, স্পিকার দেশে ফেরার পর তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র কবে হস্তান্তর করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।




















