উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল
- প্রকাশের সময় : ০২:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / 15
উদ্ভাবনী কাজে নিয়োজিত উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী এলাকায় উদ্ভাবক সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের আয় বৃদ্ধি, নতুন উদ্ভাবন এবং সফল উদ্যোক্তা তৈরিই প্রকৃত উন্নয়ন। মানুষের আয় বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, উদ্ভাবনী কাজে নিয়োজিত উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে কথা বলা হবে। সলেমান আলীর মতো উদ্ভাবকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাদের যথাযথ সহায়তা প্রয়োজন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, উদ্যোক্তা সলেমান আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















