নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
- প্রকাশের সময় : ০৪:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 16
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশের তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
নতুন তিনটি উপজেলা হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। এছাড়া চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা, মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ উপজেলা এবং গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠন করা হবে। একই সঙ্গে হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ থানা প্রতিষ্ঠা করা হবে।
এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রকল্পভুক্ত অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
















