গোখরার ছোবলে আহত যুবক, সাপসহ হাসপাতালে
- প্রকাশের সময় : ০৫:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 132
রাজবাড়ীর পাংশা উপজেলায় খড়ের পালায় কাজ করার সময় গোখরা সাপের ছোবলে আহত হয়েছেন মো. শহমান নামে এক যুবক। পরে চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার সময় তাকে কামড়ানো সাপটিকেও একটি প্লাস্টিকের পাত্রে বন্দী করে সঙ্গে নিয়ে যান স্থানীয়রা।
সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খড়ের পালায় কাজ করার সময় একটি বিষাক্ত গোখরা সাপ শহমানের ডান হাতে ছোবল দেয়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রে আটক করে আহত শহমানকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসকরা জানান, বিষধর সাপের কামড়ে দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা শুরু করায় রোগীর সুস্থতার সম্ভাবনা বৃদ্ধি পায়। সাপটি সঙ্গে নিয়ে আসায় প্রজাতি শনাক্ত করতেও সুবিধা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




















