ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে নিয়ে গেছে বন বিভাগ

- প্রকাশের সময় : ০৫:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / 48
রাজবাড়ীর পাংশা পৌর শহরের একটি ক্লিনিকে চিকিৎসা নিতে এসে আলোচনায় আসা অসুস্থ হনুমানটিকে উদ্ধার করে নিয়ে গেছে বন বিভাগ। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হওয়ার পর তাকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে পাংশা উপজেলা বন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের একটি দল লোহার খাঁচায় করে হনুমানটিকে খুলনায় নিয়ে যায়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক জানান, হনুমানটির চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। শারীরিকভাবে সুস্থ হওয়ার পর তাকে অবমুক্ত করা হবে। যেসব এলাকায় হনুমানের সংখ্যা বেশি, সেসব অঞ্চলের কোনো উপযুক্ত স্থানে তাকে ছেড়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে যশোরের অভয়নগর বা খুলনা অঞ্চলের কোনো এলাকায় অবমুক্ত করা হতে পারে।
এর আগে গত মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পাংশা পৌর শহরের হামিদা মেডিকেল সেন্টারে হঠাৎ করে উপস্থিত হয় আহত হনুমানটি। ক্লিনিকে ঢুকে সাধারণ রোগীদের জন্য রাখা বেঞ্চের একটিতে চুপচাপ বসে থাকে সে। মেডিকেল সেন্টারের কর্মীরা কাছে গেলে শরীরের ক্ষতস্থান হাত দিয়ে দেখানোর মতো আচরণ করে। ব্যথার কারণে কিছু সময় পর বেঞ্চেই মাথা নিচু করে শুয়ে পড়ে প্রাণীটি।
পরে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের দুই চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে ব্যথানাশক ইনজেকশন দেন। প্রাথমিক চিকিৎসা শেষে হনুমানটি সেখান থেকে চলে গেলেও বন বিভাগের কর্মকর্তারা তার ওপর নজরদারি অব্যাহত রাখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহেরও বেশি আগে পাংশা উপজেলার বাহাদুরপুর বাজার এলাকায় এক তাল বিক্রেতার আঘাতে হনুমানটি আহত হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরে ক্ষত তৈরি হলে স্থানীয়রা বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের সদস্যরা প্রাণীটিকে উদ্ধার করে ক্ষতস্থানে সেলাই দেন এবং চিকিৎসার ব্যবস্থা করেন।
বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হনুমানটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।




















