হামে শিশুমৃত্যু : মামলার বাদী বললেন ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড’
- প্রকাশের সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 21
হাম ও রুবেলার টিকা যথাসময়ে আমদানি না করে শিশুদের জীবন ঝুঁকিতে ফেলা এবং টিকার অভাবে দেশব্যাপী মহামারি সৃষ্টি করে শিশু মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২৭০, ৩০৪ ও ৩৪ ধারায় মামলার আবেদন করেন।
মামলার আবেদন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে মুজিবুর রহমান ইকবাল হামে শিশুমৃত্যুর ঘটনাকে “পরিকল্পিত হত্যাকাণ্ড” বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, দেশে দীর্ঘ সময় ধরে হামের প্রাদুর্ভাবের কারণে বিপুলসংখ্যক শিশু আক্রান্ত হয়েছে এবং বহু শিশুর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, দেশে প্রায় এক বছর ধরে বিভিন্ন হাসপাতালে অসংখ্য শিশু চিকিৎসাধীন রয়েছে। দায়িত্ববোধের জায়গা থেকে সাবেক প্রধান উপদেষ্টা, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্যখাতের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
বাদীর অভিযোগ, সাবেক সরকার ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় টিকা সময়মতো আমদানি করেনি। তাঁর দাবি, পরবর্তী নির্বাচিত সরকারকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করা এবং বেকায়দায় ফেলতেই যথাসময়ে টিকা সংগ্রহ করা হয়নি।
তিনি আরও বলেন, ইউনিসেফ সম্ভাব্য সংকট সম্পর্কে সতর্ক করলেও তা আমলে নেওয়া হয়নি। তাদের সতর্কবার্তা ছিল, এমন সিদ্ধান্ত দেশের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। তবে সরকার তা উপেক্ষা করেছে বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর হামের টিকাদান কার্যক্রম জোরদার করেছে এবং স্বাস্থ্য উপদেষ্টা নিজে বিভিন্ন হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
মুজিবুর রহমান ইকবাল বলেন, “আমাদের বিশ্বাস, বিগত সরকার পরিকল্পিতভাবে যথাসময়ে টিকা না এনে জাতির সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করেছে। বাদীপক্ষ হিসেবে আমরা মনে করি, এটি শুধু অবহেলা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শামিল।”




















