পুলিশের নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা
- প্রকাশের সময় : ০২:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / 11
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখনো কাউকে আটক বা হেফাজতে নেওয়া হয়নি। তবে হাসপাতালের বেশ কিছু কর্মকর্তা ও কর্মচারী পুলিশের নজরদারিতে রয়েছে।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রব্বানী হোসেন জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ফলে গ্রেপ্তার বা আটক বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের নজরদারিতে রাখা হয়েছে।
ঘটনাস্থলে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটও পরিদর্শনে যায়। তারা নবজাতকদের মৃত্যুর কক্ষে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কোনো বিষাক্ত গ্যাস বা অন্য কোনো কারণ ছিল কি না তা পরীক্ষা করে দেখছে।
এছাড়া সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। প্রায় এক ঘণ্টা ধরে তারা পোস্ট অপারেটিভ রুমসহ সংশ্লিষ্ট স্থানে কাজ করে ফরেনসিক পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সব দিক বিবেচনায় নিয়ে কাজ চলছে।



















