যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়
- প্রকাশের সময় : ১১:০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / 154
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করেছে। এ সময়ে সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
শনিবার (২৩ মে) সকালে যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাবে এই টোল আদায় হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পূর্ব টোল প্লাজা দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন পারাপার হয়েছে। এ খাতে আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রার চাপ সামাল দিতে শনিবার থেকে অতিরিক্ত ৪টি বুথ চালু করা হবে। এতে মোট বুথের সংখ্যা দাঁড়াবে ১৮টি।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ৬ শতাধিক পুলিশ সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।




















