‘এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ’
- প্রকাশের সময় : ০৭:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 8
জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল আবু ছালেহ মুহাম্মদ ইউসুফ জানিয়েছেন, এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন তৈরি বা ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি নাগরিকদের সঠিক নিয়মে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, একাধিক জন্ম নিবন্ধন করা বা ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে।
সম্প্রতি দেশের সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন।
চিঠিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (সংশোধিত ২০১৮) এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৭ অনুযায়ী প্রত্যেক নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক। সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করা নাগরিকের আইনগত দায়িত্ব।
রেজিস্ট্রার জেনারেল আরও বলেন, কারও প্ররোচনা, প্রতারণা বা আর্থিক লোভে পড়ে ভুয়া বা একাধিক জন্ম নিবন্ধন তৈরি বা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
চিঠিতে তিনি সতর্ক করে বলেন, “এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন আইনত দণ্ডনীয় অপরাধ।”
এছাড়া তিনি জানান, ইতোমধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভুয়া ও জালিয়াতিপূর্ণ জন্ম নিবন্ধন শনাক্তে তথ্য যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুয়া নিবন্ধনের তালিকা প্রস্তুত করেছে।
অচিরেই ভুয়া জন্ম নিবন্ধনের তালিকা চূড়ান্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নাগরিকরা যেন নিজেদের জন্ম নিবন্ধনের তথ্য যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের জন্য স্থানীয় রেজিস্ট্রার কার্যালয়ে যোগাযোগ করেন।
তিনি আরও বলেন, সঠিক জন্ম নিবন্ধন নাগরিক অধিকার নিশ্চিত করে, আর ভুয়া নিবন্ধন ভবিষ্যতে গুরুতর আইনি জটিলতা তৈরি করে।



















