কারিনার মরদেহ দেশে আসবে রোববার, সোমবার দাফন মুন্সিগঞ্জে
- প্রকাশের সময় : ০২:৪৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / 123
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামীকাল রোববার ভারত থেকে দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
তিনি জানান, আগামীকাল দুপুরে কারিনার মরদেহ দেশে পৌঁছাবে।
এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় কারিনা কায়সার মারা যান। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তাকে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। পরে তিনি ওটিটি ও নাটকের জগতেও কাজ করেন এবং অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।






















