‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’
- প্রকাশের সময় : ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / 104
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের টিকা নিয়ে কে দোষ করেছে সেটা খোঁজার আগে মায়েদের আশ্বস্ত করা জরুরি। সরকার বর্তমানে সংকট মোকাবিলায় কাজ করছে এবং শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সরকারি ভ্যাকসিনের বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, হামের পর অনেক শিশুর নিউমোনিয়া দেখা দিচ্ছে এবং ভেন্টিলেশনই এ রোগের শেষ চিকিৎসা। এজন্য সরকার বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটরের ব্যবস্থা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আরও ১০টি ভেন্টিলেটর সহায়তা হিসেবে পাওয়া গেছে, যা দ্রুত বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে।
তিনি বলেন, বর্তমানে হামের চিকিৎসা, আইসোলেশন ও আইসিইউ সুবিধা চালু রয়েছে এবং চিকিৎসকরাও সর্বোচ্চ চেষ্টা করছেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীনা কোম্পানি সিনোভ্যাক থেকে ৭৬ হাজার ৬১৬ ভায়াল ভ্যাকসিন পাওয়া গেছে, যা প্রায় ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজের সমপরিমাণ। পাশাপাশি পোলিও ও অ্যান্টির্যাবিস টিকাদান কার্যক্রমও চালু করা হচ্ছে। তিনি বলেন, কোনো রোগীকেই টিকার বাইরে রাখা হবে না।
তিনি আরও বলেন, যেসব শিশু এখনও টিকার আওতায় আসেনি, তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে এবং নিয়মিত ইপিআই কার্যক্রম চলমান থাকবে।
টিকা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার বিষয়ে তদন্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সংকট পরিস্থিতি কাটিয়ে ওঠার পর এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।




















