মালয়েশিয়ায় অভিবাসীবাহীদের নৌকা ডুবে নিখোঁজ ১৪
- প্রকাশের সময় : ০১:৫৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / 21
মালয়েশিয়ার পশ্চিম উপকূলে পাংকর দ্বীপের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৪ জন নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজরা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক।
মালয়েশিয়ার সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা (এমএমইএ) জানিয়েছে, নৌকাটিতে মোট ৩৭ জন অবৈধ অভিবাসী ছিলেন। সোমবার ভোরে এক স্থানীয় জেলে সমুদ্রে কয়েকজনকে ভাসতে দেখে কর্তৃপক্ষকে খবর দেন। এরপর উদ্ধার অভিযান শুরু করা হয়।
এখন পর্যন্ত ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিবাসীরা গত ৯ মে ইন্দোনেশিয়ার কিসারান এলাকা থেকে যাত্রা শুরু করেন এবং মালয়েশিয়ার পেনাং, তেরেঙ্গানু, সেলাঙ্গর ও কুয়ালালামপুরসহ বিভিন্ন এলাকায় পৌঁছানোর চেষ্টা করছিলেন।
উদ্ধার কাজে নৌকা, হেলিকপ্টার ও নজরদারি বিমান ব্যবহার করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দরিদ্র দেশগুলো থেকে উন্নত অর্থনীতির দেশ মালয়েশিয়ায় কাজের খোঁজে যাওয়া অভিবাসীদের জন্য সমুদ্রপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মানবপাচার চক্রের মাধ্যমে এমন যাত্রায় প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরেও থাই-মালয়েশিয়া উপকূলে নৌকাডুবিতে ৩৬ জন অভিবাসী নিহত হন।






















