‘ছিনতাইকারীরা আমার মায়ের পেটে ছুরি মেরে সবই নিয়ে গেছে’
- প্রকাশের সময় : ০৮:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 21
বছরের প্রতিটি দিনই মায়ের, তবু ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ উপলক্ষ হয়ে আসে বিশ্ব মা দিবস। এই দিনে পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানাতে নানা আয়োজন ও আবেগে ভরে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রতিটি ঘর।
আজ রোববার (১০ মে) মা দিবসে মাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি তুলে ধরেছেন শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতা এবং মায়ের অসীম ত্যাগ ও ভালোবাসার গল্প।
তৌসিফ জানান, ১৯৯৮-৯৯ সালে যখন তিনি তখন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভে পড়তেন। প্রতিদিন স্কুল শেষে তার বাবা বা খালু এসে নিয়ে যেতেন। তবে একদিন শীতের সন্ধ্যা পেরিয়ে গেলেও কেউ তাঁকে নিতে আসেননি। স্কুল ফাঁকা হয়ে যাওয়ার পর দারোয়ানের কক্ষে একা বসে ছিলেন তিনি।
অভিনেতার ভাষ্য অনুযায়ী, সে সময় সন্ধ্যার পর ধানমণ্ডি এলাকায় ছিনতাইকারীদের উপদ্রব ছিল বেশ ভয়ংকর। দীর্ঘ সময় অপেক্ষার পর হঠাৎ রিকশার বেল শুনে তিনি জানতে পারেন, তাঁর মা তাঁকে নিতে এসেছেন। কিন্তু মাকে দেখেই রাগ ঝাড়তে শুরু করেন তিনি।
ঠিক তখনই রিকশাচালক তাঁকে জানান, ছিনতাইকারীরা তাঁর মায়ের পেটে ছুরি মেরে সঙ্গে থাকা সব কিছু ছিনিয়ে নিয়েছে। আহত ও রক্তাক্ত অবস্থাতেও হাসপাতালে না গিয়ে শুধু ছেলেকে একা না রাখার চিন্তায় তিনি স্কুলে ছুটে আসেন।
এই ঘটনার কথা স্মরণ করে তৌসিফ মাহবুব লিখেছেন, ‘ছিনতাইকারীরা আমার মায়ের পেটে ছুরি মেরে তার কাছে যা ছিল সবই নিয়ে গেছে! কিন্তু আমার মা এমন রক্তাক্ত অবস্থায়ও কাউকে সাহায্যের জন্য না ডেকে, কোনো হাসপাতালে না গিয়ে বরং আমার স্কুলে চলে এলেন আমাকে নিতে। এটাই হচ্ছে আমার মা। আমার ছোটবেলা থেকে এমন অসংখ্য অসংখ্য ত্যাগের, যত্নের, ভালোবাসার ছোট ছোট গল্প আছে আমাকে নিয়ে আমার মায়ের। আমার মায়ের অক্লান্ত পরিশ্রম আর অবদানের ফলেই আপনারা যে আমাকে চেনেন, সেই আজকের আমি হয়ে উঠতে পেরেছি।’
মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেতা আরো বলেন, ‘আমি জানি না এসবের প্রতিদান আমি কিভাবে দেব, তবে আমি এটুকু জানি, আমি আমার মাকে প্রচণ্ড ভালোবাসি।’
পাশাপাশি পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৌসিফ বলেন, প্রতিটি মা-ই সন্তানের জন্য অসংখ্য ত্যাগ স্বীকার করেন, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
স্ট্যাটাসের শেষদিকে তিনি সব মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে যেসব মা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাঁদের জন্য মাগফিরাতও কামনা করেন এই অভিনেতা।























