ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে রাজবাড়ীতে কৃষকদের বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৪:৩৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / 17
ধানের প্রতিমণ মূল্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ, সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি ধান ক্রয় এবং বাজারে ‘ধলতা’ বন্ধসহ আট দফা দাবিতে রাজবাড়ীর কালুখালীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকালে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়িবাড়ী বাজারে বাংলাদেশ কৃষক সমিতির কালুখালী ও পাংশা উপজেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা কৃষক সমিতির সভাপতি মো. তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল, পাংশা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস খাঁ, কৃষক জাকির মিয়া, মনোয়ার ও মাসেম বিশ্বাসসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, কৃষকরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে ফসল উৎপাদন করলেও বাজারে গিয়ে ন্যায্য মূল্য পান না। বর্তমানে বোরো ধানের মৌসুমে বাজারে প্রতি মণ ধান ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা উৎপাদন খরচের চেয়েও কম।
তারা অভিযোগ করেন, সরকারি ধান ক্রয় কার্যক্রমে প্রকৃত কৃষকরা অংশ নিতে পারেন না। রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরাই সেখানে ধান বিক্রি করেন। তাই সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়ের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, রাজবাড়ী দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা হলেও বর্তমানে পেঁয়াজচাষীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। পেঁয়াজ তোলার এক মাসের মধ্যেই পচন ধরছে, আবার বাজারে ‘ধলতা’র অজুহাতে পেঁয়াজ কেনাবেচাও বন্ধ রাখা হচ্ছে।
তারা বাজারে ধলতা ও অতিরিক্ত খাজনা আদায় বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে কৃষিপণ্য ক্রয়কেন্দ্র চালু, শস্য বীমা চালু এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশ শেষে কৃষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে প্রায় দুই শতাধিক কৃষক অংশ নেন।




















